কানাডার ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এর ১২তম আসরে তিনটি পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘রইদ’। মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটির ‘সাদুর বউ’ চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নাজিফা তুষি।
একই আসরে ‘রইদ’ সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা সংগীত বিভাগেও পুরস্কার অর্জন করেছে।
একসঙ্গে তিনটি পুরস্কার জয়ের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিনেমাটির নির্মাতা ও কলাকুশলীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের আনন্দের কথা জানিয়েছেন সিনেমাটির সঙ্গে যুক্ত শিল্পী ও নির্মাতারা।
কানাডার ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ আন্তর্জাতিক দর্শক ও নির্মাতাদের কাছে দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।
এবারের আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে নেপালের সিনেমা ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’। সিনেমাটি এর আগে কান চলচ্চিত্র উৎসবের আঁ সার্তে রিগা বিভাগে জুরি পুরস্কার পেয়েছিল।
এর আগে ‘রইদ’ নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেয়। বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে সিনেমাটি।
এ বছর অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্যও ‘রইদ’ নির্বাচিত হয়েছে।
গ্রামীণ বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত ‘রইদ’-এ অ্যাডাম-ইভের পৌরাণিক গল্পের আশ্রয়ে একটি রহস্যময় উপাখ্যান তুলে ধরেছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। সিনেমাটিতে নাজিফা তুষি ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ অনেকে।