ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, নারীর প্রতি সহিংসতা, অশ্লীল ভাষার ব্যবহার, বুলিং এবং সামাজিক অবক্ষয় রোধে একটি যুগোপযোগী সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাইবার সুরক্ষা আইন প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির সভার শুরুতে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, সাইবার জগৎ ও সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে যেসব কর্মকাণ্ড ঘটছে, সেখান থেকে দেশের জনগণকে সুরক্ষা দিতে সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন রয়েছে। তবে আইনটি হতে হবে সময়োপযোগী এবং মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার উপযোগী।
তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, তথ্য এবং আইন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে একটি কার্যকর ও গ্রহণযোগ্য সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করাই কমিটির মূল উদ্দেশ্য।
সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর প্রতি সহিংসতা, অশ্লীল ভাষার ব্যবহার এবং বুলিংয়ের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এসব কর্মকাণ্ড শুধু ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করছে না, বরং সমাজকেও অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে। এর ফলে সামাজিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশও নেতিবাচক প্রভাবের মুখে পড়তে পারে।
তিনি আরও বলেন, সরকার দেশের মানুষকে সাইবার জগতের ক্ষতিকর কর্মকাণ্ড থেকে সুরক্ষা দিতে চায়। এ জন্য সংশ্লিষ্ট সবার মতামত ও পরামর্শের ভিত্তিতে একটি যুগোপযোগী সাইবার সিকিউরিটি আইন তৈরি করা হবে।





