তিন বছর ধরে লেবাননে ইসরাইলি হামলায় প্রায় ৮০০ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি কর্মকর্তা ও শিশু অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো। একই সময়ে প্রায় ৩ লাখ ৬০ হাজার শিশু বাস্তুচ্যুত হয়েছে বলে জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টাতেও ইসরাইলি হামলায় শিশু হতাহত হয়েছে। দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলার কাফর রুম্মান শহরে একটি বাড়িতে বিমান হামলায় দুই শিশু নিহত ও চারজন আহত হয়েছে। এছাড়া আরবসালিম ও নাবাতিয়েহ শহরে হামলায় আরও তিন শিশু আহত হয়েছে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২৬ জুন স্বাক্ষরিত একটি কাঠামোগত সমঝোতার মধ্যেই এসব হামলার ঘটনা ঘটেছে। ওই সমঝোতায় লেবাননের ভূখণ্ড থেকে ইসরাইলি সেনাদের ধাপে ধাপে প্রত্যাহার এবং এর বিনিময়ে ওই এলাকায় লেবাননের সেনাবাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন রোববার এসব হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, হামলা বন্ধের চুক্তি ও কাঠামোগত সমঝোতা বারবার লঙ্ঘনের কারণে পরিস্থিতি আরও গুরুতর পর্যায়ে গেছে।
আউন চলমান উত্তেজনার জন্য ইসরাইলকে দায়ী করে হামলা ও চুক্তি লঙ্ঘন বন্ধে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান তিনি।
দুই যুদ্ধে নিহত প্রায় ৮০০ শিশু
লেবাননের পার্লামেন্টের নারী ও শিশু বিষয়ক কমিটির প্রধান ইনায়া এজেদ্দিন জানিয়েছেন, ২০২৪ ও ২০২৬ সালের দুটি ইসরাইলি যুদ্ধে প্রায় ৮০০ শিশু নিহত হয়েছে।
তিনি বলেন, বিপুলসংখ্যক শিশু গুরুতর আহত হয়েছে। তাদের অনেককে একাধিকবার অস্ত্রোপচার করাতে হয়েছে। কেউ কেউ হাত-পা বা চোখ হারিয়েছে।
এজেদ্দিন জানান, এসব শিশুর দীর্ঘমেয়াদি চিকিৎসা ও স্বাস্থ্যসেবার পাশাপাশি বিশেষায়িত মানসিক, আবেগীয় ও সামাজিক সহায়তার প্রয়োজন হবে।
তার দেওয়া তথ্য অনুযায়ী, ইসরাইলি দুই দফা যুদ্ধে প্রায় ৩ লাখ ৬০ হাজার শিশু বাস্তুচ্যুত হয়েছে। নিজ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হওয়া মানুষের সংখ্যা প্রায় ১২ লাখ।
তিনি আরও বলেন, আশ্রয় নেওয়া অনেক এলাকাতেও পরে হামলা হয়েছে। ফলে অনেক শিশুকে একাধিকবার বাস্তুচ্যুত হতে হয়েছে।
চলমান হামলায় নিহত ৪৩৬২
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ বিস্তারিত পরিসংখ্যান অনুযায়ী, ২ মার্চ থেকে ইসরাইলি হামলায় নিহত ৪ হাজার ৩৬২ জনের মধ্যে ২৫৯ জন শিশু। একই সময়ে আহত হয়েছে ১২ হাজার ৩৭৮ জন, যাদের মধ্যে শিশু ১ হাজার ৫০ জন।
লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ইসরাইলি হামলায় দেশটিতে ১০ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।
ইউনিসেফের উদ্বেগ
লেবাননে ইসরাইলি হামলার কারণে শিশুদের ওপর প্রভাব নিয়ে বারবার উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
সংস্থাটি জানিয়েছে, দীর্ঘস্থায়ী সহিংসতা, বাস্তুচ্যুতি ও মানসিক আঘাতের কারণে লেবাননের শিশুরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে। ইউনিসেফ সব পক্ষকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা, আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা এবং যুদ্ধবিরতি কার্যকর রাখার আহ্বান জানিয়েছে।
এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে ইসরাইলি বাহিনী এখনও কিছু এলাকা দখল করে রেখেছে। এর মধ্যে কিছু এলাকা কয়েক দশক ধরে এবং কিছু ২০২৩–২০২৪ সালের যুদ্ধের সময় দখল করা হয়েছে।
বর্তমান অভিযানে ইসরাইলি বাহিনী লেবাননের ভূখণ্ডের ১০ কিলোমিটারের বেশি ভেতরে অগ্রসর হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি





