অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, কর পরিশোধ না করার বিষয়ে গ্রামীণ কল্যাণের করা রিটের রুল খারিজ করে এ আদেশ দেওয়া হয়েছে। রায়ে তিন অর্থবছরের জন্য এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দেওয়া হয়।

গ্রামীণ কল্যাণের আইনজীবী খাজা তানভীর গণমাধ্যমকে বলেন, এনবিআরের কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে তারা হাইকোর্টে যে রিট করেছিলেন, আদালত সেই রুল খারিজ করেছেন। এর ফলে এনবিআরের দাবিই বহাল থাকল।

তিনি আরও বলেন, এ আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যাওয়ার বিষয়টি তারা বিবেচনা করছেন। মক্কেলের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

খাজা তানভীর জানান, করের অর্থ পরিশোধের সময়সীমা সম্পর্কে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর বিস্তারিত জানা যাবে।

এনবিআরের কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে হাইকোর্টে রিট আবেদন করেছিল গ্রামীণ কল্যাণ।