প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে স্বাগত জানাতে নয়াদিল্লি অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তবে তাঁর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর সফরের সময়সূচি বা অন্যান্য বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর কার্যালয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বৈঠকের ধরন সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এটি একেবারেই একটি সৌজন্য সাক্ষাৎ ছিল।’

প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর নিয়ে আলোচনা হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন জানান, বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক বা বিস্তারিত আলোচনা হয়নি। তবে ভারতীয় হাইকমিশনার কথোপকথনের একপর্যায়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য নয়াদিল্লির আগ্রহ ও অপেক্ষার কথা জানিয়েছেন।

সৌজন্য সাক্ষাতের শুরুতে কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নয় বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন দীনেশ ত্রিবেদী।

এ সময় তিনি জানান, নিহত বাংলাদেশিদের পরিবারকে ক্ষতিপূরণসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে ভারত সরকারের পক্ষ থেকে যা যা করণীয়, তা করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও সৌজন্য আলোচনা হয়। তবে প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে সুনির্দিষ্ট কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।