ভারতের পশ্চিমবঙ্গে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরুর পর বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণ প্রকল্পের প্রধান উদ্যোক্তা ও আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) রেজিনগর আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ পর তাকে আটক করা হয় বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

ভোটগ্রহণ শুরু হওয়ার পর হুমায়ুন কবির ভোট কারচুপির অভিযোগ তোলেন। এরপর একটি ভোটকেন্দ্রে যাওয়ার উদ্দেশ্যে দলীয় কার্যালয় থেকে বের হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৮টার দিকে রেজিনগরে আম জনতা উন্নয়ন পার্টির কার্যালয় থেকে তাকে আটক করে পুলিশ। পরে তাকে রেজিনগর থানায় নেওয়া হয়।

পুলিশের গাড়িতে তোলার সময় হুমায়ুন কবির বলেন, ‘আমি জানি না আমাকে গ্রেপ্তার করা হচ্ছে, নাকি আটক করা হচ্ছে।’

বিজেপি প্রার্থী শঙ্করাভ সরকারকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ভোটের কয়েক দিন আগে কবির বলেছিলেন, ভোটের দিন ১০ জনের মৃত্যু হবে। শঙ্করাভ সরকার অভিযোগ করেন, হুমায়ুন কবির দাঙ্গা বাধানোর চেষ্টা করছেন।

এ ছাড়া পুলিশের সদস্যদের গালিগালাজ করার অভিযোগেও কবিরকে আটক করা হয়েছে বলে দাবি করেন বিজেপি প্রার্থী।

তথ্যসূত্র: টাইমস নাউ