দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
তিনি বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি দেশের প্রতিটি নাগরিকের অধিকার।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত ‘সবার জন্য স্বাস্থ্যসেবা’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
সেমিনারে দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণের ব্যক্তিগত সচেতনতা বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
স্বাস্থ্য খাতের উন্নয়নে দেশের দক্ষ চিকিৎসকদের পাশাপাশি আধুনিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট।
তিনি বলেন, দেশের দক্ষ চিকিৎসক ও বিদ্যমান আধুনিক মেডিকেল প্রযুক্তিকে কাজে লাগিয়ে স্বাস্থ্য খাতকে আরও এগিয়ে নিতে হবে।
ডা. জুবাইদা রহমান আরও বলেন, দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন ও পরিবর্তন নিশ্চিত করতে প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা প্রতিষ্ঠা করা জরুরি। সব জায়গায় জবাবদিহিতা নিশ্চিত করা গেলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।





