বাংলাদেশে বিনিয়োগের পরিধি বাড়ানোর আগ্রহ জানিয়েছে জাপানের অন্যতম বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবেনি করপোরেশন। তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতের পাশাপাশি দেশে দ্বিতীয় একটি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) স্থাপনের সম্ভাবনা নিয়েও আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
রোববার (১১ অক্টোবর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মারুবেনি করপোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোটোর নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।
বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।
তিনি জানান, বৈঠকে বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় খাতে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ, প্রযুক্তিগত সহযোগিতা এবং নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে মারুবেনির নতুন বিনিয়োগকে স্বাগত জানান।
বাংলাদেশের সঙ্গে মারুবেনি করপোরেশনের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পাটজাত পণ্যের ব্যবসার মাধ্যমে দুই পক্ষের মধ্যে যে সম্পর্ক গড়ে উঠেছে, তা আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে। পাশাপাশি নতুন খাতে সহযোগিতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেন তিনি।
বৈঠকে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনা, দক্ষ জনশক্তি তৈরি এবং আন্তর্জাতিক সেবাকেন্দ্র হিসেবে দেশের সক্ষমতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়।
প্রধানমন্ত্রী জানান, দেশের প্রকৌশল স্নাতকদের তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তা বিষয়ে আরও দক্ষ করে তুলতে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি বলেন, ‘দক্ষ জনশক্তি, প্রযুক্তিগত সক্ষমতা ও প্রতিযোগিতামূলক সেবার সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ সেবাকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।’
এ সময় আগামী এক বছরের মধ্যে বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি ডেটা সেন্টার চালুর পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। প্রস্তাবিত প্রকল্পে মারুবেনি করপোরেশনের সম্ভাব্য বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহায়তার বিষয়টি পর্যালোচনা করা হয়েছে।
কৃষি খাতেও আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর বিষয়ে আলোচনা করেন উভয় পক্ষের প্রতিনিধিরা। বিশেষ করে কৃষি উৎপাদন ও ব্যবস্থাপনায় প্রযুক্তির প্রয়োগ সম্প্রসারণে মারুবেনির বিনিয়োগ ও কারিগরি সহযোগিতার সম্ভাবনা তুলে ধরা হয়।
সার উৎপাদন খাতে সহযোগিতার অংশ হিসেবে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে মারুবেনির বিদ্যমান বিনিয়োগ আরও বাড়ানোর প্রসঙ্গ আসে। পাশাপাশি বাংলাদেশে দ্বিতীয় একটি কাফকো স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ ধরনের প্রকল্পে বিনিয়োগের বিষয়ে আগ্রহ দেখিয়েছে জাপানি প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকর হলে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও বৈঠকে আশা প্রকাশ করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান।
মারুবেনি করপোরেশনের প্রতিনিধিদের মধ্যে ছিলেন প্রতিষ্ঠানটির দক্ষিণ-পশ্চিম এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুসুমু ওয়াকামোরি এবং বাংলাদেশে প্রতিষ্ঠানটির কান্ট্রি হেড মানাবু সুগাওয়ারা।