ব্রিকস জোটের সদস্য দেশগুলোর জন্য একটি ‘ওপেন-সোর্স এআই জোন’ তৈরির উদ্যোগে নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
রোববার নয়াদিল্লিতে ব্রিকসের বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ প্রস্তাব দেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চীনের বিভিন্ন এআই প্রতিষ্ঠান বিশ্বমানের ওপেন-সোর্স এআই মডেল তৈরি করছে। এসব মডেলের সোর্স উন্মুক্ত থাকায় ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী কোডার বা প্রোগ্রামাররা সেগুলো পরিবর্তন করতে পারেন।
শি জিনপিংয়ের প্রস্তাবিত উদ্যোগটি ‘ওপেন-সোর্স ও অন্তর্ভুক্তিমূলক এআই উদ্যোগের’ আওতায় বাস্তবায়নের কথা বলা হয়েছে। এর মাধ্যমে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের উন্নয়ন ও ব্যবহারিক প্রয়োগে ব্রিকস সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিতে শি জিনপিংয়ের বক্তব্যের বিস্তারিত তুলে ধরা হয়েছে।
প্রস্তাবিত উদ্যোগের আওতায় ব্রিকসের সদস্য দেশগুলোর জন্য এআই বিষয়ে বিশেষায়িত গবেষণা ও প্রশিক্ষণ চালুর কথাও রয়েছে। শি বলেন, এসব উদ্যোগের লক্ষ্য হলো এআইয়ের জন্য একটি উন্মুক্ত বাস্তুতন্ত্র গড়ে তোলা।
এ ছাড়া একটি ‘বিস্তৃত ও ঐকমত্যভিত্তিক বৈশ্বিক এআই সুশাসন কাঠামো’ প্রতিষ্ঠার আহ্বানও জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট।
চীন, রাশিয়া ও ভারতসহ দেশগুলোকে নিয়ে ২০০৯ সালে ব্রিকস জোটের যাত্রা শুরু হয়। উদীয়মান বড় অর্থনীতির দেশগুলোর জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত এই জোটের অন্যতম লক্ষ্য ছিল আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে পশ্চিমা শক্তির প্রভাব কমিয়ে ভারসাম্য প্রতিষ্ঠা করা।
এদিকে এআই প্রযুক্তির দ্রুত বিকাশের পাশাপাশি এর নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি ও উদ্বেগও বাড়ছে। এ পরিস্থিতিতে এআই পরিচালনা ও নিয়ন্ত্রণের বিষয়টি শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য বৈঠকে আলোচনায় আসতে পারে বলে বিশ্লেষকরা মত দিয়েছেন।
শি জিনপিং চলতি মাসে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে ব্রিকস সম্মেলন শেষে ভারত ছেড়েছেন শি জিনপিং ও রুশ নেতা ভ্লাদিমির পুতিন।





