মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টি বাংলাদেশের একান্ত নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়। দেশ ও জাতির প্রয়োজন এবং স্বার্থে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে তাতে অন্য কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই।’

সম্প্রতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ যোগ দিতে পারে— এমন আলোচনা চলছে। বিষয়টি নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে পক্ষে-বিপক্ষে বিভিন্ন মতও প্রকাশ করা হয়েছে।

গত ৭ আগস্ট মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে এই যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, জোটভুক্ত তিন দেশের যেকোনো একটি দেশ সামরিক হামলার শিকার হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

এর আগে ১৯ মার্চ সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইসলামি সম্মেলনের সময় তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেন। সেখানে যৌথ নিরাপত্তা চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। প্রায় এক বছর আলোচনার পর মক্কায় চুক্তিটি চূড়ান্ত করা হয়।

চুক্তির অন্যতম লক্ষ্য হলো, জোটের কোনো সদস্য দেশ আক্রান্ত হলে অন্য দেশগুলো সহযোগিতায় এগিয়ে আসবে। পাশাপাশি তিন দেশের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা সমন্বিতভাবে কাজে লাগানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

এদিকে, সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকেও এই জোটে যুক্ত হওয়ার আগ্রহের কথা জানানো হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে এবং বিষয়টিকে ইতিবাচকভাবে বিবেচনা করছে।