সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বার্ষিক বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ জন্য ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মফস্বল সাংবাদিকদের সহযোগিতা না পাওয়ার ধারণা সঠিক নয় উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে উপজেলা ও জেলা পর্যায়ের সব সাংবাদিককে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং তা নীতিগতভাবে অনুমোদিতও হয়েছে। চলতি বছরে বর্ধিত এই সম্পূর্ণ অর্থ বিতরণ করা সম্ভব না হলেও আগামী বছর পুরোটা দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ না দেওয়াকে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলা অপপ্রচারের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এটি সম্পূর্ণভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ বিষয়ে আগেই সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন।
গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী আরও বলেন, যেকোনো দেশ বা সংগঠন তাদের নিজস্ব আইনি কাঠামোর মধ্যে থেকে স্বাধীনভাবে মত প্রকাশ করতেই পারে। বিশ্বের সব দেশেই স্বাধীন গণতন্ত্র বজায় থাকবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
জেলা প্রশাসক ইউসুপ আলীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল কবীর তালুকদার, জামালপুর-২ আসনের সংসদ সদস্য মো. সুলতান মাহমুদ বাবু এবং জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল।





