সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) এসআই আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় আট অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০ ও র‍্যাব-৪। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব-১০-এর সদর কোম্পানির একটি দল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জ সদর থানার লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে চার অভিযুক্তকে গ্রেপ্তার করে।

তারা হলেন সাভারের আমিনবাজার এলাকার মোজাম্মেলের ছেলে আলাউদ্দিন (২৬), সামসুলের দুই ছেলে আপন (৩০) ও জিহাদ (২০) এবং মৃত নজরুলের ছেলে ইমরান (২৬)।

অন্যদিকে র‍্যাব-৪-এর একটি দল সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে আরও চার অভিযুক্তকে গ্রেপ্তার করে। তারা হলেন মৃত আব্দুল জলিলের ছেলে নূর মোহাম্মদ রুদ্র (২৪), বজলু শেখের ছেলে রাকিব মিয়া (২৮), মৃত হালিম মিয়ার ছেলে ছাব্বির আহম্মেদ (২৪) এবং জিন্নত আলীর ছেলে ওয়াসিম (৪০)।

ঘটনার সূত্রপাত শনিবার রাতে সাভারের আমিনবাজার এলাকার বরদেশীতে। সেখানে একটি অটোরিকশা গ্যারেজের মালিককে একটি প্রাইভেটকারের চালক ও তার সহযোগীরা মারধর করছিলেন বলে অভিযোগ রয়েছে। এ সময় এসআই আলতাফ হোসেন (৫৮) ও তার ছেলে ঘটনার প্রতিবাদ করেন। পরে অভিযুক্তরা তাদের ওপর চড়াও হন।

একপর্যায়ে আলতাফ হোসেন দৌড়ে তার ছেলের পোশাক কারখানার ভেতরে আশ্রয় নেন। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা বাইরে থেকে আরও ১৫ থেকে ২০ জন সহযোগীকে ডেকে এনে কারখানার গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং তাদের ওপর হামলা চালান।

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন আলতাফ হোসেন ও তার ছেলেকে উদ্ধার করে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক এসআই আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত আলতাফ হোসেনের স্ত্রী বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা ব্যক্তিদেরও অভিযুক্ত করা হয়েছে।