রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এজাহারভুক্ত ৪ নম্বর আসামি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে রাজধানীর সেগুনবাগিচার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, এ ঘটনায় এখন পর্যন্ত মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে অবস্থিত নিউগিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও হামলা চালানো হয়।

ঘটনার পর এ বিষয়ে মামলা দায়ের করা হয়। মামলায় এজাহারভুক্ত আসামিদের মধ্যে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী ৪ নম্বর আসামি ছিলেন।