আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযোগ করার পাশাপাশি ভুক্তভোগীকে নির্দিষ্ট মামলা করতে হবে। তিনি বলেন, সালমান মুক্তাদির ফেসবুক লাইভে অভিযোগ করলেও এখন পর্যন্ত মামলা করেছেন কি না, তা তিনি জানেন না।
তিনি বলেন, “তিনি একপর্যায়ে বলেছেন, তার কাছে কেউ চাঁদা চায়নি, চাইলে নাকি দিতেন। তো যার কাছে চাঁদা দাবি করা হয়নি, তিনি বলছেন ‘চাইলে দিতেন’। তাহলে তো চিহ্নিত কেউ নেই। এরপর তিনি বলছেন বিএনপি চাঁদা চেয়েছে—এটি একটি ঢালাও অভিযোগ। তিনি যদি নির্দিষ্ট মামলা করেন, আমরা সেটা তদন্ত করে দেখব।”
ঘটনার প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরে সালাউদ্দিন আহমেদ বলেন, সালমান মুক্তাদির ভুক্তভোগী হয়েছেন। তবে ঘটনাটি মানিকদী নামপাড়ায় ক্যান্টনমেন্ট থানার অধীনে ৩৫ কাঠা জমি নিয়ে দুই পক্ষের বিরোধের সঙ্গে সংশ্লিষ্ট।
তিনি জানান, এক পক্ষের সঙ্গে নিউ গিনি প্রোপার্টিজ এবং অন্য পক্ষের সঙ্গে একজন অবসরপ্রাপ্ত সিনিয়র সামরিক কর্মকর্তা জড়িত। ওই সামরিক কর্মকর্তার পক্ষের কিছু লোক রাতের বেলায় জমি দখলের চেষ্টা করলে সেখানে থাকা সালমান মুক্তাদিরের টিনশেড স্থাপনাসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনার পর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, মিরপুরের রাড্ডা ক্লিনিকে ভাঙচুরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নের বিষয়ে তিনি বলেন, ঘটনা তদন্ত করে দায়িত্বে অবহেলার অভিযোগে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনায় ইতোমধ্যে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং লুট হওয়া মালামালের কিছু অংশ উদ্ধার করা হয়েছে।
রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুষ্কৃতকারী বা দুর্বৃত্তদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তাদের অপরাধী হিসেবেই বিবেচনা করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সালমান মুক্তাদিরের স্টুডিও হামলায় জড়িতদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর, ২০২৬
৩ সপ্তাহ আগে
শেয়ার করুন:

জাতীয়
মতামত(0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে অ্যাকাউন্ট প্রয়োজন
সংবাদে মতামত প্রকাশ করতে অনুগ্রহ করে নিবন্ধন (Registration) অথবা লগইন করুন।




