আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

দলীয় সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সক্রিয় ও শক্তিশালী করার উদ্যোগের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী বিভাগের পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে জেলা ও তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক অবস্থা, কার্যক্রমের গতি বাড়ানো এবং সাংগঠনিক কাঠামো আরও সুসংহত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

দলীয় সূত্র জানিয়েছে, তৃণমূলের সংগঠনকে আরও কার্যকর ও নির্বাচনমুখী করতে বিভিন্ন জেলা ও মহানগর শাখার নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন তারেক রহমান। এসব বৈঠকে স্থানীয় পর্যায়ের সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি দলকে আরও শক্তিশালী করার বিষয়ে নেতাদের মতামত নেওয়া হচ্ছে।

এই সাংগঠনিক কার্যক্রমের মধ্যেই আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানালেন রুহুল কবির রিজভী।