সেনাবাহিনী ও র্যাব (বর্তমানে এসআরবি) সদস্য পরিচয়ে একটি বাসায় ঢুকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় যুবদলের বহিষ্কৃত এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালিয়ে বিএম ইব্রাহিম ওরফে তালা ইব্রাহিমকে গ্রেফতার করা হয়।
ইব্রাহিম ঢাকা মহানগর উত্তর যুবদলের ৩৩ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন অভিযোগের কারণে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে বিলুপ্ত করা হয় ৩৩ নম্বর ওয়ার্ড যুবদলের কমিটি।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ইব্রাহিমের বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে, তা যাচাই করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, ইব্রাহিমের বিরুদ্ধে ধর্ষণসহ আরও কয়েকটি মামলা রয়েছে। এছাড়া বিভিন্ন ব্যক্তির বাসায় তালা মেরে টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ কারণে ঢাকা উদ্যান এলাকায় তিনি ‘তালা ইব্রাহিম’ নামে পরিচিত বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, গত বছরের ৭ ডিসেম্বর মোহাম্মদপুর থানায় ইব্রাহিমসহ কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেন ব্যবসায়ী জাহিদ হাসান। মামলায় ইব্রাহিমের সঙ্গে দীপক নামে আরেকজনের নাম উল্লেখ করা হয়। এছাড়া ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ৫ ডিসেম্বর সন্ধ্যায় মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের ৭ নম্বর সড়কে জাহিদ হাসানের বাসায় ১৫ থেকে ২০ জনের একটি দল প্রবেশ করে।
এজাহারে বলা হয়, ওই ব্যক্তিরা নিজেদের সেনাবাহিনী ও র্যাবের সদস্য হিসেবে পরিচয় দেয়। তারা সাদা পোশাকে থাকলেও হাতে ওয়াকিটকি ছিল বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, বাসায় থাকা লোকজনকে জিম্মি ও মারধর করে তারা ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে তারা বাদীর কাছ থেকে ৪৫ হাজার টাকা নেয় এবং বাকি টাকা দেওয়ার জন্য ভয়ভীতি দেখায়।
এ সময় বাসায় থাকা আরেক ব্যক্তির কাছ থেকে ১২ হাজার টাকা ও বাদীর হাতঘড়ি নিয়ে নেওয়া হয় বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরিচয় নিয়ে সন্দেহ হওয়ায় জাহিদ হাসান কৌশলে মোহাম্মদপুর থানা পুলিশকে বিষয়টি জানান। পরে বিষয়টি বুঝতে পেরে ইব্রাহিমসহ অন্যরা হুমকি দিয়ে চলে যায় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার পর তারা বাসার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। পরে সাক্ষীদের সঙ্গে নিয়ে ফুটেজে থাকা ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করা হয়। সেখানে ইব্রাহিম ও দীপককে শনাক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে ইব্রাহিমকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলাগুলোও যাচাই করা হচ্ছে।





