বিরোধী দলের দেওয়া ৬ দফা অধিকার আদায় করেই ঘরে ফেরার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের মিরসরাইয়ে বিরোধী দলের ডাকা লংমার্চের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা আপনাদের সাথে নিয়ে গণভোটের রায় বাস্তবায়ন করব। আপনারা যারা জীবন বাজি রেখে জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন জুলাই সনদ আপনাদের অধিকার। আপনাদের ৬ দফা অধিকার আদায় করেই ঘরে ফিরব। আমরা ইনসাফের বাংলাদেশ গড়ব।”

সমাবেশে আরও বক্তব্য দেন খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব আল্লামা মামুনুল হক।

তিনি বলেন, “ক্ষমতার মসনদে বসে ৭০ শতাংশ মানুষের গণভোটকে অবৈধ বলেন, এ দুঃসাহস আপনাকে কে দিয়েছে? জনগণের ভোটাধিকারকে অবৈধ বলে আখ্যায়িত করলে জনগণকেই অসম্মান করা হয়। ভালোয় ভালোয় সংস্কার করেন। গণভোট যদি অবৈধ হয়ে থাকে, আপনার সরকারও অবৈধ সরকার।”