ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য ও দাফন আগামী জুলাই মাসে অনুষ্ঠিত হবে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ৮৬ বছর বয়সী খামেনি নিহত হন। যুদ্ধ পরিস্থিতির কারণে সে সময় তার শেষকৃত্য স্থগিত রাখা হয়েছিল। আগামী ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত কয়েক ধাপে শেষকৃত্য ও দাফন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
ঘোষিত সূচি অনুযায়ী, ৪ ও ৫ জুলাই রাজধানী তেহরানে বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হবে। ৬ জুলাই সেখানে মূল জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
এরপর ৭ জুলাই পবিত্র শহর কোমে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলীয় পবিত্র নগরী মাশহাদের ইমাম রেজা মাজারে শেষ জানাজার পর তাকে দাফন করা হবে।
প্রতিবেদনে বলা হয়, খামেনির শেষ ইচ্ছা অনুযায়ী তাকে ইমাম রেজা মাজারে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তেহরানের উপমেয়র মোহাম্মদ আমিন তাভাকোলি-জাদেহ জানিয়েছেন, রাজধানীতে আয়োজিত শেষকৃত্য অনুষ্ঠান অন্তত ২৪ ঘণ্টা স্থায়ী হতে পারে। এতে দেড় থেকে দুই কোটি মানুষের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে বলে কর্তৃপক্ষ ধারণা করছে।
আলী খামেনির মৃত্যুর পর মার্চের শুরুতে তার ছেলে মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
তথ্যসূত্র: আল জাজিরা
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন