ইউক্রেন হামলা জোরদার করলেও কিয়েভের শর্তে রাশিয়া কোনো আলোচনায় বসবে না বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রোববার (২৮ জুন) রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ‘রাশিয়া ওয়ান’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
পুতিন বলেন, কিয়েভের কোনো প্রচেষ্টাই রুশ সেনাবাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে পারবে না। মস্কো এসব প্রচেষ্টা সফল হতে দেবে না বলেও জানান তিনি।
রুশ প্রেসিডেন্ট অভিযোগ করেন, ইউক্রেন বর্তমানে রাশিয়ার বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা বাড়িয়েছে। এসব হামলার উদ্দেশ্য রুশ সমাজে বিভেদ এবং সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি করা বলে দাবি করেন তিনি।
পুতিন বলেন, ‘আমাদের বেসামরিক অবকাঠামোয় হামলা শুধু ক্ষয়ক্ষতি করার জন্য নয়। এটি তথ্যযুদ্ধেরও অংশ। তারা রাশিয়ার জনগণের মধ্যে বিভক্তি তৈরি করতে চায়। কিন্তু তাদের কোনো প্রচেষ্টাই আমাদের লক্ষ্য অর্জনে বাধা দিতে পারবে না।’
একই সাক্ষাৎকারে তিনি জানান, ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় রাশিয়া প্রস্তুত। ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনা চালিয়ে যেতেও মস্কোর আপত্তি নেই।
তবে আলোচনার টেবিলে কিয়েভকে কোনো বিশেষ সুবিধা দেওয়া হবে না বলে সতর্ক করেন পুতিন। যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অর্জন আলোচনায় ছাড় দেওয়া হবে না—তার বক্তব্যে এমন অবস্থানই উঠে এসেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন