ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে আর কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
এক সাক্ষাৎকারে শেখ হাসিনার ‘ডিসেম্বরে দেশে ফেরার’ বক্তব্যের বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, “শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এই দেশে আর নেই। তিনি এলে আমরা স্বাগত জানাব। কারণ এই সরকার ইনসাফ নিশ্চিত করতে চায়।”
জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে এবং তাকে দেশে ফিরিয়ে আনতে সরকার প্রত্যর্পণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, “তাকে আমরা যদি প্রত্যর্পণ করে আনতে পারি, সেই চেষ্টাই করছি। যেহেতু প্রত্যর্পণের চেষ্টা চলছে, তিনি নিজে দেশে এলে আমরা স্বাগত জানাব।”
শেখ হাসিনার বিরুদ্ধে স্বচ্ছভাবে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
তিনি দাবি করেন, দেশের জনগণ শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় বহাল ও কার্যকর হতে দেখতে চায়।
জাহেদ উর রহমান আরও বলেন, সরকার জনগণের মধ্যে গণঅভ্যুত্থানের চেতনা ছড়িয়ে দিতে চায়। জুলাই গণঅভ্যুত্থানে বিএনপিরও অংশগ্রহণ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যথাযথ মর্যাদায় জুলাইয়ের কর্মসূচি পালন করা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন