শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, জলবায়ু সহনশীলতা, যুব উন্নয়ন ও ডিজিটাল রূপান্তরসহ বিভিন্ন ক্ষেত্রে ইউনেস্কোর সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদারত্ব আরও শক্তিশালী করার প্রত্যয় জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভিজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাতে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ইউনেস্কোর দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ইউনেস্কোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক ও বহুমাত্রিক। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি এবং সম্প্রতি টাঙ্গাইল শাড়ির বয়নশিল্পকে ইউনেস্কোর ‘রিপ্রেজেন্টেটিভ লিস্ট অব দ্য ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’তে অন্তর্ভুক্তি এ সম্পর্কের উল্লেখযোগ্য দৃষ্টান্ত।
শামা ওবায়েদ ইসলাম বলেন, মানসম্মত শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং তরুণদের ক্ষমতায়নে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি), ভাষা প্রশিক্ষণ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সনদ প্রদানের মাধ্যমে সম্ভাব্য অভিবাসী কর্মীদের দক্ষতা বাড়াতে ইউনেস্কোর সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান তিনি।
পারস্পরিক সুবিধাজনক সময়ে ইউনেস্কোর মহাপরিচালককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানাতে সরকার প্রস্তুত রয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সাক্ষাৎকালে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভিজে বাংলাদেশের জাতীয় উন্নয়ন অগ্রাধিকারে সংস্থাটির সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। শিক্ষা, সংস্কৃতি, যুব সম্পৃক্ততা ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণে ইউনেস্কোর আগ্রহের কথাও জানান তিনি।
বাংলাদেশের সৃজনশীল অর্থনীতির সম্ভাবনা তুলে ধরে সুসান ভিজে বলেন, দেশের তরুণদের প্রতিভা, উদ্ভাবনী শক্তি ও সৃজনশীলতাকে কাজে লাগাতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ সম্ভাবনাকে স্বাগত জানিয়ে শামা ওবায়েদ ইসলাম বলেন, দেশের উন্নয়ন পরিকল্পনায় সৃজনশীল অর্থনীতিকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি জাতীয় অর্থনীতির মূলধারার সঙ্গে একীভূত করা প্রয়োজন।
সাক্ষাতে উভয় পক্ষ বাংলাদেশ ও ইউনেস্কোর মধ্যে বিদ্যমান দীর্ঘস্থায়ী অংশীদারত্ব আরও জোরদারের অঙ্গীকার ব্যক্ত করে। অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও জ্ঞানভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার প্রত্যয়ও জানায় তারা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন