জাপানে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে একটি বহুতল শপিং মলের একাংশ ধসে পড়েছে। এতে ভবনটির ভেতরে অনেক মানুষ আটকা পড়েছেন বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস। ভূমিকম্পে বিভিন্ন এলাকায় বহু মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ৫০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা। সংস্থাটির হিসাবে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৮ বলে জানিয়েছে।
ভূমিকম্পের পর উপকূলীয় এলাকাগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়। কয়েক ঘণ্টা পর পরিস্থিতি পর্যালোচনা করে সতর্কতা তুলে নেয় কর্তৃপক্ষ।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি জানিয়েছেন, ভূমিকম্পের পর দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি ভবনে আগুন লেগেছে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবরও পাওয়া গেছে।
জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রচারিত ভিডিওতে দেশটির প্রধান দ্বীপ কিউশুর একাধিক স্থানে আগুন জ্বলতে দেখা গেছে। কয়েকটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে এবং বিভিন্ন এলাকার সড়কে ফাটল দেখা দিয়েছে।
এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১২টি বাড়ি ধসে পড়েছে।
ক্ষয়ক্ষতির বিষয়ে প্রধানমন্ত্রী তাকাচি বলেন, ‘আমরা আহতের সংখ্যা ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি এখনো নিরূপণ করছি। এরই মধ্যে কয়েকজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং আগুন লেগেছে। সেতু ও সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কয়েকটি ভবনও ধসে পড়েছে।’
কর্তৃপক্ষ জানিয়েছে, কাশিমা শহরের একটি শপিং মলের দ্বিতীয় তলা ধসে পড়েছে। এতে মলটির ভেতরে অনেক মানুষ আটকা পড়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে।
এর আগে পুলিশ জানিয়েছিল, কাশিমার ‘এইন’ নামে একটি শপিং মলে বিস্ফোরণের মতো শব্দ শোনার খবর পাওয়া গেছে। তবে সে সময় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য নিশ্চিত করা যায়নি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন