প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে নতুন করে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে মানুষ একযুগেরও বেশি সময় ধরে জীবন দিয়েছে এবং অত্যাচার, নির্যাতন, গুম ও হত্যার শিকার হয়েছে। বিপুল ত্যাগের বিনিময়েই গণতন্ত্র ফিরে এসেছে বলে তিনি মন্তব্য করেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ বাংলাদেশ জামায়াতে ইসলামি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে দেশের মানুষের হাজারো ত্যাগ রয়েছে। সেই ত্যাগের ফলেই বাক্স্বাধীনতা ফিরে এসেছে। এ জন্য তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।
তিনি আরও বলেন, দেশের মানুষ অনেক আশা ও প্রত্যাশা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। ইফতার মাহফিলে উপস্থিত সবার উদ্দেশে তিনি আহ্বান জানান—আল্লাহর নামে শপথ নিয়ে আগামী দিনে দেশের মানুষের কল্যাণে কাজ করার।
এর আগে বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে পৌঁছালে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন