মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের নতুন চলচ্চিত্র ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আন্তর্জাতিক মুক্তির এক দিন আগেই বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
স্টার সিনেপ্লেক্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের দর্শকরা ৩০ জুলাই থেকে সিনেমাটি দেখতে পারবেন। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশে এটি মুক্তি পাবে ৩১ জুলাই।
এটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ৩৮তম এবং টম হল্যান্ড অভিনীত ‘স্পাইডার-ম্যান’ সিরিজের চতুর্থ চলচ্চিত্র। সিনেমাটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন।
স্পাইডার-ম্যান তথা পিটার পার্কারের চরিত্রে আবারও অভিনয় করেছেন টম হল্যান্ড। এমজে চরিত্রে ফিরেছেন জেনডায়া। আরও অভিনয় করেছেন জ্যাকব ব্যাটালন এবং ব্রুস ব্যানার বা হাল্ক চরিত্রে মার্ক রাফেলো।
নতুন সংযোজন হিসেবে রয়েছেন ‘স্ট্রেঞ্জার থিংস’খ্যাত অভিনেত্রী সেডি সিঙ্ক। তবে তার চরিত্র সম্পর্কে এখনো বিস্তারিত প্রকাশ করা হয়নি। এমজের নতুন প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন ইমান এসফান্দি।
চলচ্চিত্রটির অন্যতম আকর্ষণ জন বার্নথালের প্রত্যাবর্তন। নেটফ্লিক্সের সিরিজ ‘ডেয়ারডেভিল’-এর পর আবারও ‘ফ্র্যাঙ্ক ক্যাসেল’ বা ‘দ্য পানিশার’ চরিত্রে বড় পর্দায় দেখা যাবে তাকে।
‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর চার বছর পরের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত হয়েছে নতুন সিনেমাটি। আগের ছবির শেষে ডক্টর স্টিফেন স্ট্রেঞ্জের জাদুর কারণে পৃথিবীর সবাই পিটার পার্কারকে ভুলে যায়। ফলে নতুন অধ্যায়ে একাই নিউইয়র্ক শহর রক্ষার দায়িত্ব পালন করতে দেখা যাবে স্পাইডার-ম্যানকে।
এবার পিটার পার্কারকে আরও পরিণত ও দায়িত্বশীল হিসেবে তুলে ধরা হয়েছে। একাকিত্ব, রহস্যময় নতুন শত্রুর আবির্ভাব এবং নিজের অতিমানবীয় শক্তির অপ্রত্যাশিত পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার লড়াইকে কেন্দ্র করে এগিয়েছে গল্প।
সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সম্পূর্ণভাবে ‘শট ফর স্ক্রিন-এক্স’ প্রযুক্তিতে নির্মিত বিশ্বের প্রথম চলচ্চিত্র। এ প্রযুক্তিতে মূল পর্দার পাশাপাশি প্রেক্ষাগৃহের দুই পাশের দেয়ালেও দৃশ্য সম্প্রসারিত হয়। ফলে দর্শকরা ২৭০ ডিগ্রি প্যানোরামিক ভিউতে সিনেমাটি উপভোগ করতে পারবেন।
মুক্তির আগেই সিনেমাটি ঘিরে বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রেলার প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায় ৭১ কোটি ৮৬ লাখ ভিউ পেয়েছে। বিভিন্ন দেশে অগ্রিম টিকিট বিক্রিও চলছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন