শুধু আইন প্রয়োগ ও শাস্তির মাধ্যমে মাদক নির্মূল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করার কথা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, ‘শুধু আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। তাই মাদকবিরোধী অভিযানকে আমরা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই।’
তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে মাদক প্রতিরোধে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলোর ইতিবাচক ফল পাওয়া যাবে। মাদকের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।
মাদকের ক্ষতিকর প্রভাব ও ভয়াবহতা তুলে ধরতে সাংবাদিকদেরও ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সভায় ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মোহাম্মদ বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনসহ বিভিন্ন সামাজিক সংগঠন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, বিজিবি ও সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন