শিক্ষকদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সরকারি তিতুমীর কলেজ শিক্ষক পরিষদের ২৭তম নির্বাচন সম্পন্ন হয়েছে। শিক্ষক প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আয়োজিত এ নির্বাচন পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এম এম আতিকুজ্জামান। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক আহম্মদ আলী মোল্লা, কোষাধ্যক্ষ পদে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আব্দুল্লাহ ওমর নাসিফ, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক পদে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ নাদিমুল হক এবং দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দর্শন বিভাগের প্রভাষক ফজলে আমিন।
এছাড়াও নির্বাহী সদস্য- অধ্যাপক পদে নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক মো: জাহাঙ্গীর হোসেন, নির্বাহী সদস্য- সহযোগী অধ্যাপক পদে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আসাদুল ইসলাম, নির্বাহী সদস্য- সহকারী অধ্যাপক পদে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল হামিদ এবং নির্বাহী সদস্য- প্রভাষক পদে পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মলয় দাস নির্বাচিত হন।
এ বিষয়ে নবনির্বাচিত শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক এম এম আতিকুজ্জামান বলেন, শিক্ষক পরিষদের নির্বাচনে পুনরায় সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় আমি সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামীতেও দায়িত্বশীল ভূমিকা রাখার চেষ্টা করব এবং গঠনতন্ত্র অনুযায়ী সর্বোচ্চটুকু দিয়ে কাজ করার চেষ্টা করব।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন