নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে বঙ্গভবনের দরবার হল। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করছে মন্ত্রিপরিষদ বিভাগ।
শপথ অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অনুষ্ঠানে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণপত্রের সূচি অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৭টায় নবনির্বাচিত রাষ্ট্রপতি দরবার হলে প্রবেশ করবেন। এরপর জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র কোরআন তেলাওয়াতের পর শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।
সাধারণ ও সংরক্ষিত আসন মিলিয়ে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। এর মধ্যে নয়জন ভোটদানে অনুপস্থিত ছিলেন। ভোট গণনা শেষে মির্জা ফখরুল ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। অলি আহমদ পান ৮৮ ভোট।
বিকেলে সংসদ কক্ষে নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হয়।
বাংলাদেশে সংসদীয় পদ্ধতি পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচনে সর্বশেষ বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। এরপর অনুষ্ঠিত সাতটি রাষ্ট্রপতি নির্বাচনে একজন করে প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এবার দুই প্রার্থী থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগ আমলে নির্বাচিত মো. সাহাবুদ্দিন। তাঁর পদত্যাগের পর রাষ্ট্রপতির পদ শূন্য হয়।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোটের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হয়।
শুক্রবার সন্ধ্যায় শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।





