গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারখানাটির হারবাল সেকশনের ছয়তলা ভবনের নিচতলার স্টোরে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম।
তিনি জানান, বিকেল ৪টার দিকে সফিপুর এলাকার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন লাগে। ছয়তলা ভবনের নিচতলার স্টোরে আগুন দেখতে পেয়ে বিকেল সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পাওয়ার পর প্রথমে কালিয়াকৈর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে কোনাবাড়ি ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট এসে উদ্ধার ও আগুন নেভানোর কাজে যোগ দেয়।
এ ছাড়া গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিটকে অগ্নিনির্বাপণ কার্যক্রমে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।