রাজধানীর ইসিবি চত্বরে অবস্থিত নিজের স্টুডিওতে ভাঙচুরের ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে উদ্দেশ করে বক্তব্য দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদির।
তিনি মন্তব্য করেছেন, দেশে কোনো রাজনৈতিক দলের তোষামুদি না করলে নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়ে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে স্টুডিওর ভেতরের পরিস্থিতি তুলে ধরেন তিনি। এ সময় তার অভিযোগ, চাঁদা না দেওয়ায় স্টুডিওতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।
লাইভ ভিডিওতে স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে সালমান মুক্তাদির বলেন, “এই ভিডিওটি স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য বানাচ্ছি। আপনি প্লিজ কোনো টেনশন নেবেন না! বাংলাদেশে এটা খুবই স্বাভাবিক। এ দেশে কেউ কোনো দলের তোষামুদি না করলে তার নিরাপত্তা অনিশ্চিত।”
তিনি আরও বলেন, তিলে তিলে গড়ে তোলা স্বপ্ন এভাবেই ধ্বংস করে দেওয়া হয়।
সালমান মুক্তাদির বলেন, এ ঘটনার পরও তিনি আরও ভালো কিছু করার চেষ্টা করবেন এবং কেউ তাকে থামাতে পারবে না।
অন্য একটি ভিডিওতে বিএনপির কর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, “চাঁদাবাজি করো আর যাই করো, তোমাদের অবস্থান এটুকুই থাকবে। এর চেয়ে বেশি কিছু করার সাধ্য তোমাদের নাই।”
স্টুডিওর এক কর্মকর্তা জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে প্রায় ১০০ থেকে ১৫০ জন ব্যক্তি হঠাৎ স্টুডিওতে প্রবেশ করে ভাঙচুর শুরু করেন।
তার অভিযোগ, হামলাকারীদের কয়েকজনের হাতে চাপাতি ও আগ্নেয়াস্ত্র ছিল। পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় স্টুডিওর কর্মকর্তারা টয়লেটে আশ্রয় নেন। পরে সেখানেও গিয়ে তাদের মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, স্টুডিওতে থাকা প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জামও নিয়ে যাওয়া হয়েছে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।