৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার)-এর আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বিবেচনার জন্য বাংলাদেশ থেকে জমা দেওয়া হয়েছে স্বাধীন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।
গত ১৬ সেপ্টেম্বর চলচ্চিত্রটি অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে জমা দেওয়া হয়।
নির্মাতা আকাশ হক পরিচালিত চলচ্চিত্রটিতে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলসংস্কৃতি, র্যাগিং, গণরুম, সিনিয়র-জুনিয়র সম্পর্ক, ছাত্ররাজনীতি এবং ক্ষমতার কাঠামোকে ব্যঙ্গাত্মক ও সমকালীন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা হয়েছে।
চলচ্চিত্রটির কোনো চরিত্রের নির্দিষ্ট নাম নেই। বরং চরিত্রগুলো বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক বৃহত্তর সামাজিক ও ক্ষমতার সংস্কৃতির প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে।
অস্কারে জমাদান প্রসঙ্গে চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক ও পরিবেশক মো. হাফিজউদ্দিন মুন্না বলেন, “আমরা অস্কারে যাওয়াকে শুধুমাত্র একটি পুরস্কার অর্জনের প্রতিযোগিতা হিসেবে দেখছি না। এটি বাংলাদেশের একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতার গল্প ও আমাদের সময়ের বাস্তবতাকে আন্তর্জাতিক চলচ্চিত্র-পরিসরে পৌঁছে দেওয়ার একটি সুযোগ।”
পরিচালক আকাশ হক বলেন, “এই চলচ্চিত্রের গল্প আমাদের বিশ্ববিদ্যালয়জীবন ও সমাজের খুব পরিচিত কিছু বাস্তবতা থেকে এসেছে। অস্কারে জমা দেওয়ার মধ্য দিয়ে সেই গল্পটি বাংলাদেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছানোর একটি সুযোগ তৈরি হয়েছে—এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
চলচ্চিত্রটি ইতোমধ্যে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে FIPRESCI Award for Best Feature Film এবং বাংলাদেশ প্যানোরামায় সেরা চলচ্চিত্রের স্বীকৃতি পেয়েছে।
এ ছাড়া ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩২’-এ চলচ্চিত্রটি হীরালাল সেন পদক-সেরা চলচ্চিত্র এবং সেরা চিত্রনাট্যের পুরস্কার অর্জন করেছে।
স্টার সিনেপ্লেক্সসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শনের পর চ্যানেল আইতে চলচ্চিত্রটির World Television Premiere অনুষ্ঠিত হয় তে। বর্তমানে এটি ওটিটি প্ল্যাটফর্ম চর্কি-তে "এক্সক্লুসিভ ফিল্ম" হিসেবে স্ট্রিমিং হচ্ছে।
চলচ্চিত্রটির এডুকেশন পার্টনার হিসেবে যুক্ত রয়েছে বিদেশে উচ্চশিক্ষায় সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান BHE Uni। প্রতিষ্ঠানটির বাংলাদেশ অফিসের নির্বাহী পরিচালক জনাব সাইফুল ইসলাম বলেন, “তরুণ প্রজন্ম, উচ্চশিক্ষা ও ক্যাম্পাস সংস্কৃতির বাস্তবতাকে চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরার এই উদ্যোগের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমরা আনন্দিত। আন্তর্জাতিক অঙ্গনে চলচ্চিত্রটির যাত্রার জন্য আমাদের শুভকামনা রইল।”
অস্কারে জমাদানের পাশাপাশি আগামী ২৫ সেপ্টেম্বর ঢাকার Russian House-এ চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনী শেষে নির্মাতা ও সংশ্লিষ্টদের সঙ্গে দর্শকদের প্রশ্নোত্তর এবং ‘চা-আড্ডা’র আয়োজন থাকবে।
উল্লেখ্য, ৯৯তম অস্কারে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ ছাড়াও রেদওয়ান রনি পরিচালিত দম, মেজবাউর রহমান সুমন পরিচালিত রইদ, মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত দেলুপি এবং নুরুল আরম আতিক পরিচালিত মানুষের বাগান চলচ্চিত্র এই দৌড়ে জমা পড়েছে।





