রাজধানীর পল্লবীতে পার্কিং করে রাখা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে বা এর সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে সিরামিক রোডে সরকারি কলেজের পাশে এ ঘটনা ঘটে। দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার।
তিনি জানান, সকালে বৃষ্টির মধ্যে সরকারি কলেজসংলগ্ন এলাকায় পার্কিং করে রাখা বাসটিতে আগুন লাগে। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
পরিস্থান পরিবহনের মালিক খান মো. মহিতুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে তাঁর সাবেক চালক ফোন করে বাসে আগুন লাগার বিষয়টি জানান। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি বাসটি পুড়ে যেতে দেখেন।
তিনি বলেন, আগুনে পুড়ে যাওয়া বাসটির নম্বর ঢাকা মেট্রো ব-১১-৮৭০৩।
এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে কি না জানতে চাইলে মহিতুল ইসলাম জানান, এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি।
এর আগে শুক্রবার রাজধানীর সাতটি স্থানে হাতবোমা বিস্ফোরণ ও একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর মধ্যে যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাসহ চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।





