দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২০৪ টাকা। এর আগে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৯ টাকা।
বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে দাম সমন্বয়ের এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্য পরিস্থিতি, আমদানি ব্যয় এবং দেশের বাজারে তেলের বর্তমান দামের বিষয়গুলো পর্যালোচনা করা হয়। পরে সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন নির্ধারিত দামে ভোক্তাদের প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের জন্য আগের তুলনায় ৫ টাকা বেশি পরিশোধ করতে হবে। তবে পাম অয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
এর আগে চলতি বছরের ২৬ এপ্রিল সয়াবিন তেলের দাম সমন্বয় করা হয়েছিল। তখন প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা নির্ধারণ করা হয়। তার আগে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৫ টাকা।
কয়েক মাসের ব্যবধানে আবারও বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম। নতুন মূল্য কার্যকর হওয়ার পর বাজারে এ নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য ভোক্তাদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে।





