রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকবেন। দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত রাষ্ট্রপতির প্রথম দরবারে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে তিনি দল, সংসদ ও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। বর্তমানে তিনি সম্পূর্ণভাবে একজন দলনিরপেক্ষ ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ভবিষ্যতেও সেভাবেই দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় কারও প্রতি তার কোনো রাগ বা অনুরাগ থাকবে না। জনগণের আস্থা অর্জনের পাশাপাশি সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের দেশের প্রতি ভালোবাসা, সম্মান ও আনুগত্য বজায় রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি। একই সঙ্গে নিজ নিজ দায়িত্ব সততা ও আন্তরিকতার সঙ্গে পালনের নির্দেশ দেন তিনি।

বঙ্গভবনের ইতিহাস ও ঐতিহ্যের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এটি রাষ্ট্রীয় মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতীক। এর মর্যাদা রক্ষা করতে হবে। পাশাপাশি বঙ্গভবনের দৈনন্দিন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিষয়ে কঠোর গোপনীয়তা বজায় রাখার নির্দেশ দেন তিনি।

রাষ্ট্রীয় ব্যয়ের ক্ষেত্রে সাশ্রয়ী ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, জনগণের অর্থেই সরকারি সম্পদ ও সুযোগ-সুবিধা পরিচালিত হয়। তাই এসব সম্পদের ব্যবহার হতে হবে স্বচ্ছ, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক।

তিনি কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিজীবনে শৃঙ্খলা বজায় রাখা, নৈতিক মনোবল বৃদ্ধি এবং সুন্দর চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতা পরবর্তী দেশ ও রাষ্ট্র গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানও স্মরণীয়। এ ছাড়া পূর্ববর্তী সব রাষ্ট্রপতির প্রতিও শ্রদ্ধা জানান তিনি।

বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘আমরা এখানে একটা পরিবার। সবাই একই জায়গায় কাজ করি। আমরা যখন সুযোগ পাবো, সেই সময় পরস্পরের সঙ্গে কথা বলে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবো।’

ভবিষ্যতেও সবাইকে সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রপতি।