২৮ হাজার ৮০০ টাকা দামের শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় অভিনেত্রী তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়িয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার আবেদন মঞ্জুর করেন।

আদালত থেকে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তানজিন তিশা। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত বিভিন্ন বিষয় পোস্ট করতে হয়। ভক্ত ও সহকর্মীদের ভালোবাসা থেকে অনেক সময় উপহার গ্রহণ করেন তারা। তেমনই একটি উপহার নিয়ে তিনি সমস্যায় পড়েছেন।

তিশা বলেন, একজন বড় বোনের মাধ্যমে তিনি শাড়িটি উপহার হিসেবে গ্রহণ করেছিলেন। তাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল। ওই ব্যক্তি শাড়ি গ্রহণের পর ছবি দেওয়ার অনুরোধ করেছিলেন। তবে ব্যস্ততার কারণে তখন ছবি দিতে পারেননি বলে জানান তিনি।

অভিনেত্রী বলেন, ওই সময় তিনি ‘সোলজার’ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিলেন। শাড়ির সঙ্গে ছবি দেওয়ার জন্য সময় চেয়েছিলেন এবং ব্লাউজও তৈরি করেছিলেন। এর মধ্যেই হঠাৎ করে তার বিরুদ্ধে ২৭ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগে সংবাদ প্রকাশ হয়।

তানজিন তিশা জানান, ঘটনাটি ‘সোলজার’ সিনেমার শুটিং শুরুর দুই দিন পরের। শুটিং চলাকালীন বিষয়টি ঘটে।

তিনি বলেন, কারা বা কেন এ অভিযোগ করেছে, তা নিয়ে তিনি আগ্রহী নন। তবে তিনি আইনের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করেন।

তিশা বলেন, ‘আরও পাঁচবারও যদি আসতে হয় আমি আসব। আমি এখান থেকে ন্যায়বিচার নিয়েই বের হব।’

তিনি আরও বলেন, কেউ ক্ষমতার অপব্যবহার করলে তিনি তা সমর্থন করবেন না। দেশের নাগরিক হিসেবে তিনি ন্যায়বিচার চান।