রাজধানীর সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন সংগঠনটির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নিয়াজ হোসেন। দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে কলেজ ছাত্রদলের নেতৃত্বে আসতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
নিয়াজ হোসেন এর আগে সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি কলেজের আক্কাছুর রহমান আঁখি হল শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং সহ-মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তার সমর্থকদের দাবি, দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন নিয়াজ হোসেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে সাত দিন গুমের শিকার হওয়া, ১০ দিন রিমান্ডে থাকা এবং ১৫৯ দিন কারাবরণের অভিজ্ঞতা রয়েছে তার। এ ছাড়া ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে তার বিরুদ্ধে পাঁচটি মামলা হয়েছিল বলে জানা গেছে।
রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও সংগঠনের কার্যক্রম থেকে সরে যাননি নিয়াজ হোসেন। সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বজায় রেখে কলেজ ছাত্রদলের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় থেকেছেন তিনি।
সাধারণ সম্পাদক পদে নিজের প্রত্যাশার বিষয়ে নিয়াজ হোসেন বলেন, ‘আমি ব্যক্তিগত পদ-পদবির চেয়ে সংগঠনের ঐক্য, শিক্ষার্থীদের অধিকার এবং ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নকে বেশি গুরুত্ব দিতে চাই। তিতুমীর কলেজ ছাত্রদলকে আরও সুসংগঠিত, গতিশীল ও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। দল যদি আমাকে দায়িত্ব দেয়, তাহলে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।’
ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের সমস্যা ও অধিকার নিয়ে কাজ করার প্রত্যাশাও ব্যাক্ত করেন এই নেতা ।





