কুমিল্লার কোটবাড়িতে বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার তদন্ত শেষ হওয়ার পর দ্রুত বিচার শুরুর কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

বেলা পৌনে ১টার দিকে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপ্রতিম হত্যার ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং এতে সারা দেশের মানুষ মর্মাহত। তাঁর দাবি, ঘটনার ১২ ঘণ্টার মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘নিহত অপ্রতিমের সঙ্গে কিশোর অপরাধ চক্রের সদস্যদের চলাফেরা ও ওঠাবসা ছিলো। তারা অপ্রতিমের চেয়ে ৫ থেকে ১০ বছরের বড়। প্রধান আসামি তুহিনের কাছ থেকে অপ্রতিমের আইফোন উদ্ধার করা হয়েছে। তুহিন হত্যার দায় স্বীকার করেছে।’ আইফোন উদ্ধারের তথ্য এর আগে পুলিশও জানিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সমাজের অবক্ষয় দীর্ঘদিন ধরে শুরু হয়েছে। সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবাইকে ভূমিকা রাখতে হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে অপ্রতিম গত শুক্রবার বিকেলে কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে সে মায়ের আইফোন সঙ্গে নিয়ে বের হয়েছিল। পরে শনিবার কুমিল্লার লালমাই পাহাড়ের একটি নির্জন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।