ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া একটি ইউনিট পুনরায় চালু করা হয়েছে। এর ফলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৫টা ১৭ মিনিটে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিটটি সফলভাবে চালু করা হয়। আশা করা হচ্ছে, দুপুরের মধ্যেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক হবে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিম জানান, ত্রুটি সমাধানের পর ইউনিটটি চালু হয়েছে, যা আপাতত বড় খবর। তবে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আরও ২ থেকে ৪ ঘণ্টা সময় লাগবে।

এদিকে আদানি পাওয়ার এক বার্তায় জানিয়েছে, এপিএল গোড্ডার দ্বিতীয় ইউনিট সকাল ৫টা ১৭ মিনিটে সফলভাবে চালু করা হয়েছে। নির্ধারিত সময়ের আগেই ইউনিটটি প্রস্তুত করা সম্ভব হয়েছে। বার্তায় আরও জানানো হয়, সকাল সাড়ে ১১টার মধ্যে জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এরপর দুপুরের আগেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হবে।

এর আগে গত ১১ সেপ্টেম্বর গভীর রাতে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মধ্যে একটি হঠাৎ বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছিলেন, ৮০০ মেগাওয়াট ক্ষমতার ওই ইউনিটের বয়লারে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সেটি বন্ধ করতে হয়েছিল।