দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে দায়ের করা মামলার আসামি বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গত ১৫ অক্টোবর কাতারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করে বলে জানা গেছে।
আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো একটি ই-মেইলের মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে জ্ঞাত আয়ের উৎসের বাইরে সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে শেখ আব্দুল হান্নান এবং তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে দুদক।
প্রথম মামলার অভিযোগ অনুযায়ী, শেখ আব্দুল হান্নান বৈধ আয়ের উৎসের বাইরে ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তার নামে থাকা ছয়টি ব্যাংক হিসাবে মোট ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০১ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে দুদক।
এসব অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
অন্যদিকে দ্বিতীয় মামলায় শেখ আব্দুল হান্নানের স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের বাইরে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
দুদকের অভিযোগ অনুযায়ী, তাহমিদা বেগমের নামে থাকা ৩২টি ব্যাংক হিসাবে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
এ মামলায় তাহমিদা বেগমকে প্রধান আসামি করা হয়েছে। আর অবৈধ সম্পদ অর্জনে স্ত্রীকে সহায়তা করার অভিযোগে শেখ আব্দুল হান্নানকেও আসামি করা হয়েছে।
তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
শেখ আব্দুল হান্নান ১৯৮৪ সালে বাংলাদেশ বিমানবাহিনীতে কমিশন লাভ করেন। দীর্ঘ সামরিক কর্মজীবনের পর ২০২১ সালের ১২ জুন তিনি বাংলাদেশ বিমানবাহিনীর ১৬তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
২০২৪ সালের ১১ জুন বিমানবাহিনী থেকে অবসরে যান তিনি।
দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক এই বিমানবাহিনী প্রধানকে কাতারে গ্রেপ্তারের তথ্য ইন্টারপোলের মাধ্যমে দুদককে জানানো হলেও তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে পরবর্তী কোনো পদক্ষেপের তথ্য পাওয়া যায়নি।