জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা পর্যন্ত বাড়ানোর পরও রাজধানীর গণপরিবহনে এর প্রভাব এখনো দেখা যায়নি। সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হলেও অধিকাংশ বাসে আগের নির্ধারিত ভাড়াতেই যাত্রী পরিবহন করা হচ্ছে।

তবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাস ভাড়া সমন্বয়ের বিষয়ে সোমবার সন্ধ্যায় বৈঠকে বসছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বনানীতে বিআরটিএর কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে বাস মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিরা অংশ নেবেন।

বৈঠকে জ্বালানির নতুন দামের সঙ্গে সামঞ্জস্য রেখে বাস ভাড়া পুনর্নির্ধারণের বিষয়টি আলোচনা করা হবে। পরিবহন মালিক সমিতি বৈঠকে প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিতে পারে।

বিআরটিএ সূত্র জানিয়েছে, নতুন পরিস্থিতিতে বাস পরিচালনার ব্যয় ও জ্বালানি খরচ বিবেচনা করে ভাড়া সমন্বয়ের প্রস্তাব নিয়ে আলোচনা হবে। দূরপাল্লা, মহানগরসহ বিভিন্ন শ্রেণির বাসের জন্য আলাদা হিসাবও বিবেচনায় নেওয়া হতে পারে। তবে চূড়ান্ত ভাড়া বৈঠকের সিদ্ধান্তের পর নির্ধারণ করা হবে।

এর আগে রোববার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। নতুন দামে ডিজেলের দাম লিটারে ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা, অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা এবং পেট্রোল ১৪০ থেকে ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার থেকে এসব নতুন দাম কার্যকর হয়েছে।