ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ‘আপত্তিকর ও মানহানিকর’ মন্তব্যের অভিযোগ এনেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা।

সোমবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করে বিভাগীয় ও আইনি ব্যবস্থা চেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী রুমিন।

অ্যাটর্নি জেনালের রুহুল কুদ্দুস কাজল বাংলাদেশ২৪৭ নিউজ কে বলেন, তারা অভিযোগটি পেয়েছেন।
স্বতন্ত্র এই এমপি অভিযোগ করেন, রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ আইন কর্মকর্তা পদে থাকা ডিএজি নজরুল ইসলাম ছোটন গত ১১ সেপ্টেম্বর নিজের ফেইসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টে তাকে লক্ষ্য করে ‘অত্যন্ত আপত্তিকর, মানহানিকর ও কুরুচিপূর্ণ’ ভাষায় মন্তব্য করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি রুমিন বলেছেন, “একজন দায়িত্বে থাকা সরকারি আইন কর্মকর্তার কাছ থেকে এ ধরনের হুমকি, অশোভন, কুরুচিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত আচরণ কেবল একজন নারী ও জনপ্রতিনিধি হিসেবে তার জন্য অপমানজনক নয়; বরং এটি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ভাবমূর্তি ও পেশাদারিত্বকেও চরমভাবে ক্ষুণ্ন করে।”

অ্যাটর্নি জেনারেল অফিস কোনো দলের নয়, বরং সমগ্র বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তুলে ধরে রুমিন ফারহানা বলেন, “রাষ্ট্রপক্ষের একজন ডিএজির কাছ থেকে এরূপ শিষ্টাচারবহির্ভূত আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ডিএজি ছোটনের বিরুদ্ধে ‘উপযুক্ত’ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

অভিযোগের সঙ্গে প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট ফেসবুক আইডির লিংক ও পোস্টের স্ক্রিনশট সংযুক্ত করেছেন রুমিন ফারহানা।