পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়াকে (৫১) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া মিলনবাজার এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন ও বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে জানতে পারে, পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি নাঈমুজ্জামান ভূঁইয়া ওরফে মুক্তা জেলায় অবস্থান করছেন।

এরপর পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি, পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া থানার সদস্যদের নিয়ে একটি বিশেষ আভিযানিক দল গঠন করা হয়। কুইক রেসপন্স টিমের (কিউআরটি) সহায়তায় দলটি জেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালায়। একপর্যায়ে কাজীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নাঈমুজ্জামান ভূঁইয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় আলামিন হত্যা মামলাসহ একাধিক মামলা তদন্তাধীন রয়েছে।

পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সায়েমও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।