প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বাংলাদেশ নিজের জাতীয় স্বার্থ বিবেচনায় ভারত, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে। কোনো দেশের শর্ত বা চাপের কাছে নতি স্বীকার করবে না বাংলাদেশ।

তিনি বলেন, বোয়িং বা এয়ারবাস কেনার সিদ্ধান্ত হলেও তা দেশের প্রয়োজন বিবেচনা করেই নেওয়া হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর সচিবালয়ে সরকারের অগ্রগতি কার্যক্রম ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

তিনি বলেন, চাঁদাবাজির অভিযোগকে ঘিরে বিএনপিকে নিয়ে রাজনৈতিক আলোচনা রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই বিষয়টি নিয়ে রাজনীতি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

জাহেদ উর রহমান বলেন, এনসিপি বিএনপির বিরুদ্ধে এ বিষয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছে। চাঁদাবাজদের একটি তালিকা সরকারের কাছে রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে যে ধরনের অস্থিরতা ছিল, বর্তমানে সেই পরিস্থিতি নেই। যেসব সমস্যা রয়েছে, সেগুলো ধীরে ধীরে কমে আসবে।