আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের চার দিন এবং তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আসামিদের রিমান্ডে নেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমানসহ কয়েকজন রিমান্ড বাতিলের পাশাপাশি জামিনের আবেদন করেন।

এর আগে শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার গাজী নজরুল ইসলাম ও মাকসুদা বেগমের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রোববার রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ামের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ মরদেহ উদ্ধারের সময় ফ্ল্যাটে থাকা গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে থানায় নিয়ে যায়। ওই সময় নিহত মরিয়ামের বাবাও সেখানে উপস্থিত ছিলেন। পরে তিনি মামলা করলে গাজী নজরুল ইসলাম ও মাকসুদা বেগমকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।