আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দণ্ডিত কেউ রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল না করলে পরে আর আপিলের সুযোগ থাকে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

সোমবার (৭ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে মাওলানা আবুল কালাম আজাদের আপিল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আমিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২১-এর ৩ ধারায় রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আপিল না করলে পরে তা আর গ্রহণযোগ্য হয় না।

তিনি বলেন, এই বিধান সবার জন্য সমানভাবে প্রযোজ্য। কেউ পলাতক থাকুন কিংবা কারাগারে থাকুন, ৩০ দিনের মধ্যেই আপিল করতে হবে। তাঁর ভাষ্য অনুযায়ী, এই নিয়ম মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাওলানা আবুল কালাম আজাদ—উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য।

চিফ প্রসিকিউটর জানান, কিছুদিন আগে আপিল বিভাগে আবুল কালাম আজাদের মামলা নিয়ে শুনানি হয়েছে। সেখানে প্রসিকিউশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট আইনি বিধান তুলে ধরা হয়েছে। তবে তাঁর আপিল এখনো গ্রহণ করেননি আপিল বিভাগ।

আমিনুল ইসলাম আরও বলেন, ৩০ দিনের সময়সীমা পার হলে অন্য কোনো ফোরামেও আইনগত প্রতিকার চাওয়ার সুযোগ থাকে না বলে তিনি মনে করেন। তবে সরকার চাইলে যেকোনো সাজা স্থগিত করতে পারে। এটিকে তিনি সরকারের অন্তর্নিহিত ক্ষমতা হিসেবে উল্লেখ করেন।

এ ছাড়া গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কোনো অসংগতি হবে না বলেও জানান তিনি। গুমের অভিযোগ ও প্রতিবেদন যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান চিফ প্রসিকিউটর।