মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বিষয়ে ভারত সরকার রাজনৈতিকভাবে দায় নিতে চাইছে না এবং সে কারণেই বিষয়টি দেশটির বিচার বিভাগের ওপর ছেড়ে দিতে পারে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, ভারতের এমন অবস্থান শেখ হাসিনার জন্য খুব একটা সুখকর নয়। বাংলাদেশ শেখ হাসিনাসহ যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের সবাইকে দেশে ফেরত চায় বলেও জানান তিনি।
গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়েও কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, গণতন্ত্রে বিশ্বাস করা মানসিকতার বিষয়। গত ১৭ বছরে সমালোচনা গ্রহণের মানসিকতার অভাব ছিল বলে মন্তব্য করেন তিনি।
বর্তমান সরকারের অবস্থান তুলে ধরে পার্থ বলেন, কাউকে কথা বলা থেকে বিরত রাখা বা থামিয়ে দেওয়ার মানসিকতা সরকারের নেই। গত ছয় মাসেও এমন কোনো প্রবণতা প্রকাশ পায়নি বলে দাবি করেন তিনি।
দেশের বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত কঠিন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিনের দুর্নীতির কারণে পুরো ব্যবস্থাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সবার সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে আমরা দায়িত্ব পালন করছি। পুরো সিস্টেম গত ১৭ বছরে দুর্নীতিগ্রস্ত হয়েছে। এখান থেকে উঠে আসতে সবার সহযোগিতা প্রয়োজন।’





