স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্টার নিউজকে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

এর আগে একই দিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের কোনো আলোচনা হয়নি। ভোটের তারিখ ঘোষণার বিষয়েও সরকার কিছু জানে না বলে জানান তিনি।

এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, সাত ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন।

তার দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম ধাপের ভোটের সম্ভাব্য তারিখ ১২ নভেম্বর। দ্বিতীয় ধাপে ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর ভোট হতে পারে।

এ ছাড়া চতুর্থ ধাপের সম্ভাব্য ভোট আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপে ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপে ২২ এপ্রিল এবং সপ্তম ও শেষ ধাপে ২৭ মে অনুষ্ঠিত হতে পারে।

তবে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারের বক্তব্য অনুযায়ী, এসব তারিখ এখনো চূড়ান্ত নয়। আগামী ১৭ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।