দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩০৫ শিশু।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯৬২ শিশু। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০১ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৩ জনে।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪ শিশু হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২২১ শিশু। এ সময়ে ১ হাজার ২১৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ২২৩ শিশু।
স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৩৫ জন। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২০ হাজার ৬৪৬ জন।
এ ছাড়া এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৮০৪ রোগী। তাদের মধ্যে ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।
সূত্র: ইউএনবি





