সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল বা বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়ে উচ্চপর্যায়ের দিকনির্দেশনা নিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্রে জানা গেছে। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে বা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, নতুন পে-স্কেল একবারে নয়, ধাপে ধাপে বাস্তবায়ন করা হতে পারে। ধারণা করা হচ্ছে, এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন ২০২৬-২৭ অর্থবছর পর্যন্ত গড়াতে পারে।
পরিকল্পনার অংশ হিসেবে প্রথম ধাপে মূল বেতন বা বেসিক কার্যকর করা হতে পারে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা যুক্ত করা হতে পারে বলে জানা গেছে।
এদিকে নতুন পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। সংগঠনটি আগামী ১ মে থেকে নতুন কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
উল্লেখ্য, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের একটি জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। কমিশনের প্রতিবেদনে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন