ধমকিয়ে ও পিটিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ক্ষমতায় থাকতে হলে ভালো কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হয়।
বুধবার (৩ জুন) বিকেলে ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন শেষে কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিগত নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। তবে এবারের নির্বাচনে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে। দেশের জনগণ বিএনপি ও তারেক রহমানের ওপর আস্থা রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মানুষের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। সেই সময় পার হয়ে এখন মানুষ স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে। তার ভাষায়, “তারা চেয়েছিল ধমকিয়ে ও পিটিয়ে ক্ষমতায় টিকে থাকতে। কিন্তু এভাবে ক্ষমতায় টিকে থাকা যায় না।”
ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং চব্বিশের গণঅভ্যুত্থান ভুলে গেলে চলবে না। এসব সংগ্রামের মধ্য দিয়েই দেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে।
শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, তরুণ প্রজন্মকে শুধু সাধারণ শিক্ষায় সীমাবদ্ধ না রেখে দক্ষতা উন্নয়নের দিকে গুরুত্ব দিতে হবে। বর্তমানে সাধারণ শিক্ষায় উচ্চ ডিগ্রি অর্জনের পরও অনেকের চাকরি পাওয়া কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। সরকারের বয়স মাত্র তিন মাস হলেও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছেন।
ঠাকুরগাঁওয়ের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে রুহিয়া ও ভূল্লীকে উপজেলা ঘোষণা করা হয়েছে। এছাড়া ঠাকুরগাঁওবাসীর প্রত্যাশিত মেডিকেল কলেজ স্থাপনের কাজ এগিয়ে চলছে। পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হয়েছে এবং পরিত্যক্ত বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন