দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। ফলে এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮১৮ টাকা।
সোমবার সকাল ১০টা থেকে নতুন এ দর কার্যকর হয়েছে বলে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে পিওর গোল্ড ও সিলভারের দাম কমায় দেশের বাজারেও স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানায়, সোমবার সকাল ৯টা ১৫ মিনিটে সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ৪৫ হাজার ৮১৮ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের ভরি প্রায় ১ লাখ ৯৮ হাজার ৩৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি প্রায় ১ লাখ ৬৩ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৯৭৬ টাকা। সে হিসাবে নতুন দরে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমেছে।
গ্রাম হিসেবে নতুন দরে ২২ ক্যারেট হলমার্ক করা স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৭৫ টাকা, ২১ ক্যারেট ২০ হাজার ১১৫ টাকা, ১৮ ক্যারেট ১৭ হাজার ২৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১৪ হাজার ৪৫ টাকা।
একই সঙ্গে রুপার দামও পুনর্নির্ধারণ করেছে বাজুস। নতুন দরে ২২ ক্যারেট রুপা প্রতি গ্রাম ৪৭৫ টাকা, ২১ ক্যারেট রুপা ৪৫৫ টাকা এবং ১৮ ক্যারেট রুপা ৩৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই দাম কার্যকর থাকবে। তবে স্বর্ণালংকার বিক্রির সময় সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ক্রেতার কাছ থেকে সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দিতে হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন